প্রকাশ :: ... | ... | ...

জরুরি অবতরণের সময় উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত


সংযুক্ত ছবি

জরুরি অবতরণের সময় উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত | ছবি: সংগ্রহীত

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (স্থানীয় সময়) সকালে বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানায়, মুম্বাই থেকে বরামতির উদ্দেশে যাত্রা করা একটি চার্টার্ড বিমানে মোট পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ দুই পাইলট এবং তাঁর দুই নিরাপত্তা কর্মী (একজন পিএসও ও একজন সহকারী) নিহত হন। ডিজিসিএর বিবৃতিতে বলা হয়, ‘মুম্বাই–বরামতি চার্টার্ড উড়োজাহাজটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং এতে থাকা পাঁচজনই প্রাণ হারান।’ দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫, যা দিল্লিভিত্তিক চার্টার কোম্পানি ভিএসআরের মালিকানাধীন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে বরামতি বিমানবন্দরের রানওয়ে ১১–এর প্রান্তে অবতরণের চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর উড়োজাহাজটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরামতিতে চারটি জনসভায় বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছিলেন অজিত পাওয়ার। রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় ১৯৫৯ সালের ২২ জুলাই মহারাষ্ট্রের আহমেদনগর জেলার দেওলালি প্রভারায় জন্মগ্রহণ করেন অজিত পাওয়ার। তিনি এনসিপি নেতা শরদ পাওয়ারের ভাইপো। ১৯৯১ সালে বরামতি থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি। পরে টানা আটবার বরামতি থেকে বিধানসভা সদস্য নির্বাচিত হন। ২০১৯ ও ২০২৩ সালে রাজনৈতিক পুনর্বিন্যাসের মধ্য দিয়ে তিনি একাধিকবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের পরও তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।