প্রকাশ :: ... | ... | ...

পাকিস্তান–এর বিমান হামলায় পূর্ব আফগানিস্তানে নারী-শিশুসহ বহু হতাহতের অভিযোগ


সংযুক্ত ছবি

বিমান হামলার পর ধ্বংসস্তূপে পড়ে আছে একটি ক্ষতিগ্রস্ত গাড়ি ও আশপাশের ঘরবাড়ি। | ছবি: বিবিসি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। তালেবান জানিয়েছে, দেশটির নাঙ্গরহার ও পাক্তিকা প্রদেশের বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নাঙ্গরহারের স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা হলে ওই পরিবারের নারী ও শিশুসহ প্রায় ২০ জন নিহত হন। অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি সন্ত্রাসী ঘাঁটি ও আস্তানাকে লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালানো হয়েছে। সম্প্রতি পাকিস্তানে এক আত্মঘাতী বোমা হামলার পর এই সামরিক অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান এ হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, এতে একাধিক বেসামরিক বাড়ি ও একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।