| ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালায় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ৪-ইবি দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, খাদ্যসামগ্রী, ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১০ জুন) সকালে দীঘিনালা জোন সদর প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশেষ মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাঙালি রোগীদের চোখ পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দীর্ঘমেয়াদি রোগীদের আর্থিক সহায়তা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. আল-আমিন বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য সেনাবাহিনীর চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।