ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
রবিবার (৭ জুন) সকালে বান্দরবান সরকারি কলেজে সুবর্ণ জয়ন্তীর স্মারক গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, প্রথমবারের মতো বান্দরবান সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে, যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি শিক্ষার প্রসারে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, চেয়ারম্যানের একান্ত সহকারী আবদুল মোতালেব, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষকরা। পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তারা জানান, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক নকশায় স্মারক গেইটটি নির্মাণ করা হবে। এটি নির্মিত হলে কলেজের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।