প্রকাশ :: ... | ... | ...

মন্ত্রী পদে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদে অ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে নাগরিক সমাজ। সোমবার (৮ জুন) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে রাঙামাটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপেন দেওয়ান শুধু রাঙামাটি আসনেই নয়, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। তারা দাবি করেন, তিনি পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের আস্থাভাজন এবং পার্বত্য অঞ্চলের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বক্তারা আরও বলেন, দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার পরিচয় রয়েছে উল্লেখ করে তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেন, বিভিন্ন কারণে তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তাই পার্বত্য এলাকার উন্নয়ন কার্যক্রম ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব প্রদান করা জরুরি। রাঙামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মঈন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, জুম অ্যাস্থেটিক কাউন্সিল (জাক)-এর সভাপতি শিশির চাকমা, রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান, সমাজসেবক আমির মোহাম্মদ ছাবের, রাঙামাটি বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, নারী নেত্রী রাবেয়া সুলতানা, সাবেক শিক্ষিকা গৌরিকা চাকমা, মারমা সাংস্কৃতিক সংস্থার সভাপতি মংসুই প্রু মারমা, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, লুমা লুসাই এবং বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলার সভাপতি মো. মইন উদ্দিনসহ আরও অনেকে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদে পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন। নাগরিক সমাজের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সরকারের পক্ষ থেকে তাঁদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।