প্রকাশ :: ... | ... | ...

কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


সংযুক্ত ছবি

আগামী ১৩ ও ১৪ জুন দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন। সরকার ঘোষিত সফরসূচি অনুযায়ী, ১৩ জুন রাত ৮টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি সার্কিট হাউসে গিয়ে তিনি রাত্রিযাপন করবেন। ১৪ জুন সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে। দুপুর ১২টায় ডুলাহাজারা সাফারি পার্ক-এ সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাফারি পার্কের বিভিন্ন স্থাপনা ও চলমান কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর পেকুয়া উপজেলায় গিয়ে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সফরে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও পেকুয়া পৌরসভার কার্যক্রম উদ্বোধনেও অংশ নেবেন তিনি। জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী চকরিয়ার উদ্দেশে রওনা হবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। সন্ধ্যায় কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শনের পাশাপাশি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে রাত ৯টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে। এর আগে গত ৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সফরের বিভিন্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১২ জুন কক্সবাজার সফর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।