বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান পেপ্যাল। তবে নতুন কোনো দেশে কার্যক্রম শুরুর আগে প্রতিষ্ঠানটির দীর্ঘ প্রক্রিয়া থাকায় বাংলাদেশে আসতে সময় লাগবে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক–বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে পেপ্যালের সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে নীতিগতভাবে বাংলাদেশে প্রবেশে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
তবে তিনি স্পষ্ট করেন, এই আগ্রহকে তাৎক্ষণিক কার্যক্রম শুরুর ঘোষণা হিসেবে দেখা উচিত নয়। পেপ্যালকে অভ্যন্তরীণ আলোচনা, পর্যালোচনা ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসহ একাধিক ধাপ পেরোতে হবে।
লুৎফে সিদ্দিকী আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যাগত সম্ভাবনা এবং সাম্প্রতিক সময়ে সুশাসনের উন্নতির কারণে পেপ্যাল বাংলাদেশের বাজার নিয়ে আগের চেয়ে বেশি আশাবাদী।