বান্দরবানের ঘুমধুম সীমান্তে গত ২৪ মে মাইন বিস্ফোরণে নিহত তিন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা নিহত প্রত্যেক পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল তুলে দেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, মো. আবু তালেব এবং আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৪ মে ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে নিহত হন লেয়ারা চাকমা, অংকে মং চাকমা ও লিও মং চাকমা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় জেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।
এদিকে একই দিনে পার্শ্ববর্তী তুইঙ্গাঝিরি সীমান্ত পয়েন্ট এলাকায় আরও এক তঞ্চঙ্গ্যা কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩৪ বিজিবি সূত্র জানিয়েছে, ওই কিশোর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে মারা যায়।