দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও বৈশ্বিক সমরাস্ত্র বাজারে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ ৮৫০ একর জমি বাতিল করে সেখানে একটি বৃহৎ ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, খালি হওয়া জমিতে সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কারখানা গড়ে তোলা হবে।
তিনি বলেন, বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে সামরিক সরঞ্জামের সরবরাহ নিরাপদ করা এখন সময়ের দাবি। এই পার্ক দেশের প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রকল্পটি বেজার মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।
এ ছাড়া সভায় চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল এবং কুষ্টিয়া চিনিকলকে পূর্ণাঙ্গ শিল্প পার্কে রূপান্তরের নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়।