পরীক্ষামূলক প্রচার

Breaking News

দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব-২০২৬’।

সোমবার (৮ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মৌসুমি ফলের বর্ণিল সমাহারে সাজানো উৎসবটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিডিএস বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা বড়ুয়া ও মিয়াদ মারজান। উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপেসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ডা. অং চালু। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেএসআই-এর ম্যানেজার ডা. সুমথ ম্রো।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক, জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, প্রভাষক মো. সাহাদাত হোসেন, নাকিবুল ইসলাম চৌধুরী, কম্পিউটার সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ আমীর সাদাত, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর সোহরাব হোসেন, এইচটিএম বিভাগের কো-অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ, প্রভাষক স্বরাজ কুমার শর্মা, উদ্বভ কুন্ডুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন মৌসুমি ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিমান ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জানার সুযোগ পান।

ফল উৎসবের আনন্দে সবুজের অঙ্গীকার—বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি।

 

অনুষ্ঠানের একপর্যায়ে ‘এরিয়া স্টাডিজ’ কোর্সের আওতায় পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এতে সেরা পোস্টার উপস্থাপককে ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এ ছাড়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) ক্লাবের উদ্যোগে ফল উৎসব উপলক্ষে ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত