ঈদুল আজহার দীর্ঘ ছুটি ও সপ্তাহান্তের অবকাশকে কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। কম বাজেটে পাহাড়, ঝরনা, নদী ও হ্রদের সৌন্দর্য উপভোগ করতে আগ্রহীদের জন্য তিন জেলাতেই রয়েছে সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা। তবে সবচেয়ে কম খরচে থাকার সুযোগ মিলছে বান্দরবানেই।
জানা গেছে, বান্দরবান শহরের বিভিন্ন বোর্ডিং ও আবাসিক হোটেলে মাত্র ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যেই কক্ষ পাওয়া যায়। রাজু বোর্ডিং, হাবিব বোর্ডিং, হোটেল পর্বত, হিমালয় রিসোর্টসহ বেশ কয়েকটি আবাসনে স্বল্প খরচে রাতযাপনের সুযোগ রয়েছে। ফলে কম বাজেটের ভ্রমণকারীদের কাছে বান্দরবান এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।
বান্দরবানে অবস্থান করে সহজেই মেঘলা পর্যটনকেন্দ্র, নীলাচল, শৈলপ্রপাত, রুপালি ঝরনা, চিম্বুক, নীলগিরি, দেবতাখুমসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। এছাড়া সময় বেশি থাকলে রুমা ও থানচি উপজেলার বগালেক, কেওক্রাডং, নাফাখুম ও রেমাক্রির মতো জনপ্রিয় পর্যটন স্পটও ভ্রমণ করা সম্ভব।
অন্যদিকে রাঙামাটিতে ৪০০ থেকে ১ হাজার টাকার মধ্যে বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা থাকলেও জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে যেতে হলে খরচ কিছুটা বেড়ে যায়। খাগড়াছড়িতেও ৫০০ টাকার নিচে কক্ষ পাওয়া তুলনামূলক কঠিন।
পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিকে ঘিরে ইতোমধ্যে অনেক হোটেলের কক্ষ বুকিং হয়ে গেছে। তাই পাহাড় ভ্রমণের পরিকল্পনা থাকলে আগেভাগেই আবাসন নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।
স্বল্প বাজেটে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানই এখন সবচেয়ে সাশ্রয়ী গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।