রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) শনিবার দুপুরে কান্তালং বিওপি থেকে লিংক টহল চলাকালে হঠাৎ বাঁ হাত ও বাঁ পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভব করেন। পরে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, সম্ভাব্য ‘লেফট সাইডেড হেমিপেরেসিস’ উপসর্গ দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা করা হয়। বেলা ২টা ৩৬ মিনিটে হেলিকপ্টারটি চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গম এলাকায়ও জরুরি চিকিৎসা ও উদ্ধার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।