প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বান্দরবান জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন রোয়াংছড়ি উপজেলার নাছালংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দ্বিনা তঞ্চঙ্গ্যা।
শিক্ষার্থীদের জন্য মানসম্মত, সৃজনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। আধুনিক ও কার্যকর শিক্ষণ পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে এনেছেন ইতিবাচক পরিবর্তন। তাঁর আন্তরিক প্রচেষ্টা শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের মধ্যে সৃষ্টি করেছে আস্থা ও প্রশংসা।
উল্লেখযোগ্য বিষয় হলো, তাঁর শিক্ষাজীবনের সূচনাও হয়েছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই শিক্ষার্থী আজ নিজেই হয়ে উঠেছেন ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একজন নিবেদিতপ্রাণ কারিগর।
জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়; এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সাফল্য। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
দুর্গম পাহাড়ি জনপদ থেকেও নিষ্ঠা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের উচ্চতায় পৌঁছানো সম্ভব—দ্বিনা তঞ্চঙ্গ্যা তারই অনুপ্রেরণাদায়ী উদাহরণ।