কক্সবাজারের রামুতে অসুস্থ রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচারের অভিনব কৌশল ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করা হয়।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটক তিন নারী হলেন জোবায়দা (৪০), তইয়েবা (৪০) ও রাজিমা (৫০)। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সিএনজি থামিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অসুস্থ বলে দাবি করেন। তবে সন্দেহজনক আচরণের কারণে বিস্তারিত তল্লাশিতে তাদের শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।
পরে আটক তিন নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।